
রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার
নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সবুজ ওরফে কালাই সবুজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।
রূপগঞ্জ থানার এসআই (নিঃ) মোহাম্মদ রৌশন আলীর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা থানাধীন মুসলিমনগর এলাকায় কুয়েতি মসজিদ সংলগ্ন নাহার ভিলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায়।
এ সময় গ্রেপ্তারকৃত সবুজ ওরফে কালাই সবুজের ভাড়া বাসার শয়নকক্ষ তল্লাশি করে ইংরেজিতে ‘WALTHER’ লেখা একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড পিস্তলের গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত সবুজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৬টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ২টি জিআর ওয়ারেন্ট (নরমাল) এবং একটি জিআর সাজা-সংক্রান্ত যাবজ্জীবন ওয়ারেন্ট রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

