
তিন দশকে শিকড়, ১১ সেপ্টেম্বর থেকে শাবিপ্রবিতে দুই দিনের সাংস্কৃতিক আয়োজন
নিজস্ব প্রতিবেদক, সিলেট
‘মুক্ত সংস্কৃতিতে গড়ে তুলি মানব বন্ধন’—এই মূলমন্ত্রকে ধারণ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’ প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘তিন দশকে শিকড়’। এতে সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং আমন্ত্রিত শিল্পীরা অংশ নেবেন।
সংগঠন সূত্রে জানা যায়, ১৯৯৫ সালের ১৯ নভেম্বর যাত্রা শুরু করে ‘শিকড়’। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক ও চিত্রকলাসহ বিভিন্ন সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে কাজ করছে। পাশাপাশি মুক্তচিন্তা, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশেও সংগঠনটির ভূমিকা রয়েছে।
৩০ বছর পূর্তির আয়োজনকে ঘিরে বর্তমান ও সাবেক সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। দুই দিনের এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি থাকবে শোভাযাত্রা, কেক কাটা, খেলাধুলা, আড্ডা ও মতবিনিময় সভা।
দুই দিনের আয়োজন
১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টায় কিট বিতরণের মধ্য দিয়ে শুরু হবে প্রথম দিনের কর্মসূচি। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে শোভাযাত্রা এবং সকাল ১১টায় কেক কাটা হবে।
বিকেল ৪টায় রিপোর্টিং শেষে বিকেল ৫টায় শিকড়ের বর্তমান সদস্যদের পরিবেশনা শুরু হবে। রাত ৮টায় মঞ্চে উঠবেন সংগঠনটির সাবেক সদস্যরা। রাত ১০টায় থাকবে আড্ডা ও রাতের খাবারের আয়োজন।
১২ সেপ্টেম্বর শনিবার দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হবে সকাল ১০টায় আড্ডা ও খেলাধুলার মধ্য দিয়ে। এতে রঙ খেলা, চ্যারেডস, চকলেট দৌড় ও পিলো পাসিংসহ বিভিন্ন আয়োজন থাকবে। দুপুর ১টায় দুপুরের খাবারের পর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে মতবিনিময় সভা।
বিকেল ৫টায় ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা থাকবে। সন্ধ্যা সাড়ে ৬টায় মণিপুরী নৃত্য এবং সন্ধ্যা ৭টায় বাউল গোষ্ঠীর পরিবেশনা অনুষ্ঠিত হবে। রাত সাড়ে ৮টায় থাকবে বিশেষ অতিথির পরিবেশনা।
আয়োজকেরা জানিয়েছেন, শিকড়ের ৩০ বছরের সাংস্কৃতিক পথচলাকে স্মরণীয় করে তুলতেই এ আয়োজন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক সদস্য, সংস্কৃতিকর্মী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
শিকড়ের সভাপতি মোহাম্মদ মিনহাজের।

