
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষ্যে মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষা এবং যান চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখার প্রস্তুিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে
ডেস্ক রিপোর্ট (স্বাধীন কণ্ঠ )
আজ ১৪ মে ২০২৬খ্রি: দিনব্যাপী হাইওয়ে পুলিশের এপ্রিল/২০২৬ মাসিক অপরাধ সভা ও আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষ্যে মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষা এবং যান চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখার প্রস্তুিতিমূলক সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ প্রধান অ্যাডিশনাল আইজি জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা মহোদয়ের সভাপতিত্বে ১১:৩০ ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, সকল অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং রিজিয়নাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (সার্কেল) ও থানা/ফাঁড়ির অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সভার শুরুতেই ডিআইজি (অ্যাডমিন) ও অতিরিক্ত দায়িত্ব ডিআইজি (অপারেশন) জনাব হাবিবুর রহমান খান এর সঞ্চালনায় এপ্রিল/২০২৬ ও মার্চ/২০২৬ এবং পূর্ববর্তী বছরের এপ্রিল/২০২৫ হাইওয়ে পুলিশের খাতওয়ারী ট্র্যাফিক সংক্রান্ত অপরাধের তুলনামূলক চিত্র উপস্থাপন করেন। এছাড়াও কোরবানির পশুর হাট, মহাসড়কে যানজট প্রবণ স্পট নির্ধারণ, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় উপস্থাপন করেন।
অপরাধ সভায় সভাপতির বক্তব্যে হাইওয়ে পুলিশ প্রধান জনাব মোঃ দেলোয়ার হোসেন মিঞা মহোদয় মহাসড়কের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সেবার মানোন্নয়ন বিষয়ে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আসন্ন-ঈদ-উল আযহা উপলক্ষে পশুবাহী যানবাহন যেন নিরাপদ, নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি মহাসড়কে ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।হাইওয়ে পুলিশ প্রধান মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে এবং সার্বিক অপরাধ দমনে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি হাইওয়ে পুলিশের সকল সদস্যকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে জনবান্ধব ও জনমুখী পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করে মহাসড়কে সেবা গ্রহণকারীদের দ্রুত, আন্তরিক ও আইনগত সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

