
লোহাগাড়ায় পিকআপে ২ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ২
পারভেজ বাঙালী
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ২ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের সদর উপজেলার খুরুসকুল এলাকার তারেকুল ইসলাম (২৬) ও রাশেদুল ইসলাম প্রকাশ রুবেল (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে লোহাগাড়া থানার চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় চট্টগ্রাম মেট্রো-ন-১২-০৬৩৪ নম্বরের একটি ফোটন পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে চালকের আসনের পেছনের একটি পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্যাকেট পাওয়া যায়। পরে ওই প্যাকেট থেকে ২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই স্থান থেকে ৭.৬৫ মিমি ‘Made in USA’ লেখা একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দাবি করেছেন, কক্সবাজারের কুরুশকুল এলাকা থেকে তারা চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের উদ্দেশে রওনা হয়েছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, একই এলাকার মামুন নামের এক ব্যক্তির সঙ্গে যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রগুলো পরিবহন করছিলেন তারা।
পুলিশ জানায়, মাদক ও অস্ত্র গ্রহণের উদ্দেশ্যে মামুন এরই মধ্যে বাসযোগে চট্টগ্রাম শহরে চলে গেছেন। তাকে গ্রেপ্তারের পাশাপাশি এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে।
এ ঘটনায় উদ্ধার হওয়া ইয়াবা ও আগ্নেয়াস্ত্রের বিষয়ে প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

