
জেলার শ্রেষ্ঠ ওসির তালিকায় দাউদকান্দির সাজেদুল ইসলাম, অর্জন ৩য় স্থান,পেশাগত দক্ষতা ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি, পেলেন অর্থ ও বিশেষ পুরস্কার়
বিশেষ প্রতিনিধি, কুমিল্লা |
পেশাগত দক্ষতা, প্রশাসনিক শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতি হিসেবে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিতদের তালিকায় ৩য় স্থান অর্জন করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম। জুলাই ২০২৬ মাসের কর্মদক্ষতার মূল্যায়নে তিনি এ কৃতিত্ব অর্জন করেন।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) কুমিল্লা জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে আয়োজিত কুমিল্লা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে অর্থ পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
কুমিল্লা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব পংকজ বড়ুয়া।
সভায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা তাঁদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পুলিশ সুপার তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় প্রধান অতিথি ও সভাপতি পুলিশ সদস্যদের নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, বুদ্ধিমত্তা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়।
বিশেষ করে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ, জাল টাকা প্রতিরোধ এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে মাঠপর্যায়ে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মধ্যে অর্থ পুরস্কার বিতরণ করা হয়। এরই অংশ হিসেবে জুলাই ২০২৬ মাসে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচনে ৩য় স্থান অর্জন করায় দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামকে অর্থ ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
দাউদকান্দি মডেল থানার ওসির এ অর্জনকে থানার কর্মকর্তা ও সদস্যদের জন্যও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং পুলিশের পেশাদারিত্ব বৃদ্ধিতে এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও নিষ্ঠাবানভাবে কাজ করতে উৎসাহ জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব ইশতিয়াক হাসান আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জনাব কামরুজ্জামানসহ কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন সার্কেলের কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Facebook Comments Box

