-

মীরসরাই ইকোনমিক জোনে দুর্ধর্ষ ডাকাতি: পুলিশি অভিযানে ৭ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার মীরসরাই ইকোনমিক জোনে দুর্ধর্ষ ডাকাতি: পুলিশি অভিযানে ৭ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের মীরসরাই ইকোনমিক জোনে এক নির্মাণাধীন শিল্পপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশি তৎপরতায় ঘটনার ৩২ ঘণ্টার মধ্যে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে লুণ্ঠিত আনুমানিক ২৫০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট রাতে জোরারগঞ্জ থানাধীন ইকোনমিক জোনের ‘বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর নির্মাণাধীন কারখানায় ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাতরা সেখানকার দায়িত্বে থাকা প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে ৩টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার লুটে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক দিকনির্দেশনায় এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল তদন্তে নামে।
অভিযানকারী দল ইকোনমিক জোন ও এর আশপাশের সম্ভাব্য স্থানগুলোতে টানা ৩২ ঘণ্টা চিরুনি অভিযান পরিচালনা করে। একপর্যায়ে প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সাথে সরাসরি জড়িত সাত ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. মেহেদী হাসান (২৩), মো. রাকিব (২১), সুজাউল হক ওরফে সুজা (২৪), এমদাদুল হক ওরফে এমরান (২৮), মিজান উদ্দিন (৩২), মো. সাখাওয়াত হোসেন ওরফে নাহিদ (২৪) এবং ইউসুফ (২৬)। এরা সবাই জোরারগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ১০ আগস্ট ভোররাতে অভিযান চালিয়ে লুণ্ঠিত বৈদ্যুতিক তার উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, উক্ত ডাকাতির ঘটনার সাথে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফতার এবং বাকি মালামাল উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে। একই সাথে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।