
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, ঘাতক গাড়ি পালিয়ে যায়
মো:রমিজ আলী,
সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পন্থীছিলা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শফিউল আলম (৬৫) প্রকাশ শিশু মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পন্থীছিলা বাজার এলাকায় মহাসড়কের পাশে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন শফিউল আলম। এ সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির অজ্ঞাত মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই চালক গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ধাক্কার তীব্রতায় গুরুতর আহত হন শফিউল আলম। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঈদুল আজহা সামনে রেখে পরিবারের সদস্যরা যখন প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক সেই সময় এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।
ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত পলাতক মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে। সড়কের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘাতক গাড়ি ও চালককে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। দায়ীদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করছে।

