চান্দিনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
এ কে এম আজাদ
নিজস্ব প্রতিনিধি (স্বাধীন কণ্ঠ)
কুমিল্লার চান্দিনা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকালে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা “নিজেরা করি”-এর অংশগ্রহণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করা এবং তাদের জন্য নিরাপদ ও সমান সুযোগের পরিবেশ সৃষ্টি করা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ দাবি। নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিভাগীয় সংগঠক মতিউর রহমান, বিভাগীয় প্রশিক্ষক সবিদা তালুকদার, অঞ্চল সমন্বয়ক আব্দুল জব্বার এবং জিআইজেড প্রকল্পের জেলা কর্মকর্তা সুবর্ণা আক্তার বক্তব্য রাখেন।
আলোচনা সভায় জানানো হয়, গত ৯ ডিসেম্বর ২০২৫ বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে “নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী” ক্যাটাগরিতে শমলা বেগম নির্বাচিত হন। পরবর্তীতে তিনি জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়ে মনোনীত হয়েছেন।
মহিচাইল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মোঃ খোরশেদ আলমের স্ত্রী শমলা বেগম একজন সংগ্রামী ও অদম্য নারী হিসেবে জাতীয় পর্যায়ে নির্বাচিত হয়ে আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে সম্মাননা গ্রহণ করতে যাচ্ছেন বলে অনুষ্ঠানে জানানো হয়।
বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও সামাজিক বাধা দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নারী শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্ব বিকাশে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে মোঃ সেলিম মিয়া (হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার)সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় নারী নেত্রী, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নারী অধিকার ও সমতা প্রতিষ্ঠায় সবাইকে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।